আজ সোমবার থেকে শুরু হওয়ার কথা প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা। কিন্তু প্রাথমিকের সহকারী শিক্ষকদের একাংশ বার্ষিক পরীক্ষা বর্জন করে কর্মবিরতি কর্মসূচি পালন করছেন। আর আজ থেকে পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে কর্মবিরতি পালন করছেন ৭২১টি সরকারি মাধ্যমিকের শিক্ষকেরা।
সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা চলছে। তবে ৭২১টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা চার দফা দাবিতে আজ থেকে কর্মবিরতি শুরু করেছেন। ফলে অনেক স্কুলে বার্ষিক পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার ও রোববার রাজধানীর আব্দুল গণি রোডের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কার্যালয় চত্বরে ‘বাংলাদেশ সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির (বাসমাশিস) ’ ব্যানারে চার দাবিতে অবস্থান কর্মসূচি পালনের পর শিক্ষকেরা এই কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করেন।
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের চার দাবি হলো—সহকারী শিক্ষক পদ নবম গ্রেডে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত ও দ্রুত সময়ে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠন করে গেজেট প্রকাশ, বিভিন্ন শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন, বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ তিন কর্মদিবসের মধ্যে দেওয়া এবং ২০১৫ সালের পূর্বের মতো সহকারী শিক্ষকদের ২-৩টি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধা বহাল। সারা দেশে খোঁজ নিয়ে জানা যায়, অনেক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।


