আলী হায়দার সোহেল : কুলাউড়ায় পুলিশের অভিযানে আন্তঃজেলা গরুচোর চক্রের মূলহোতা ও একাধিক মামলার আসামি মো. আব্দুল মুকিত হান্নানকে (৩১) গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতি বার (১৪ আগস্ট) গভীর রাতে শ্রীমঙ্গল উপজেলার রামনগর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ২২ জুলাই রাতে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের পাল্লাকান্দি গ্রামে মো. আলমাস মিয়া ও ফিরোজ আলীদের বাড়ি থেকে চারটি গরু চুরি হয়। পালানোর সময় চোরেরা হিংগাজিয়া এলাকায় চোরাই গরু ও একটি পিকআপ ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ পিকআপসহ গরুগুলো উদ্ধার করে। এ ঘটনায় গরুর মালিক বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা দায়ের করেন।
ওসি মো. ওমর ফারুক এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার রাতে রামনগর এলাকায় অভিযান চালিয়ে মুকিতকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।
ওসি মো. ওমর ফারুক বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ বিভিন্ন থানায় মোট ৬টি মামলা রয়েছে। চোর চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


