কমলগঞ্জ প্রতিনিধি: ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়। নিরাপদ সড়ক চাই-নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদের সামনে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা সিনচা সভাপতি মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল হাসান বক্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ছরওয়ার শোকরানা নান্না, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আমির উদ্দিন। অনুষ্ঠানে সাংবাদিক, সুশীল সমাজ ও শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা নিরাপদ সড়ক গঠন ও যানজট নিরসনে নিসচার কেন্দ্রীয় চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ৩৩ বছরের আন্দোলনের ভূয়সী প্রশংসা করে বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। এ জন্য চালক, পথচারী ও যাত্রীদের ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি সড়কে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে।
তাঁরা আরও বলেন, সড়ক দুর্ঘটনা কমিয়ে মানুষের যাতায়াত নিরাপদ করতে প্রশাসন, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সবার সচেতনতা, দায়িত্বশীলতা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল আচরণই পারে নিরাপদ সড়ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে।


