মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া, বিকৃত ও অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা সাইবার মামলায় সৈয়দ তানভীর নামে এক আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতার হওয়া আসামি হলেন- মৌলভীবাজার পৌরসভার বেরীরপাড় এলাকার সৈয়দ তানভীর আহমেদ (৩০)। তার পূর্বে বাড়ী ছিল জুড়ী উপজেলায়। বর্তমানে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন এলাকায় বসবাস করে। সে নিজেকে একটি ফার্মের ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দেয়। বেরিরপাড় এলাকায় তার ব্যবসায়ি ফার্ম রয়েছে বলে জানিয়েছে। তাঁর স্ত্রী একটি ইসলামি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত।
সোমবার (৩ আগস্ট) রাত আনুমানিক নয়টারদিকে দিকে তাকে গ্রেফতার করা হয়।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তাকে ডিবি পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে । তিনি বলেন, মামলাটি বর্তমানে ডিবি পুলিশ তদন্ত করছে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে রিমান্ডে নেয়া হবে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, মৌলভীবাহার-৩ আসনের এমপি এম নাসের রহমানের সুনাম ক্ষুণ্ন ও রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে একটি মহল দীর্ঘদিন ধরে AI প্রযুক্তির মাধ্যমে তার ছবি ব্যবহার করে ভুয়া, বিকৃত ও অশ্লীল ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছে।
এ ঘটনায় অ্যাডভোকেট নিয়ামুল হক (৩৮) গত ২ আগস্ট মৌলভীবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ১১টার দিকে তিনি মৌলভীবাজার পৌরসভার সৈয়ারপুর স্কুল রোড এলাকার নিজ বাসায় অবস্থানকালে নিজের ব্যবহৃত মোবাইল ফোনে ফেসবুকে প্রবেশ করেন। এ সময় বিভিন্ন ফেসবুক আইডি থেকে এমপি নাসের রহমানের ছবি ব্যবহার করে AI প্রযুক্তির মাধ্যমে তৈরি একটি বিকৃত ও অশ্লীল ভিডিও দেখতে পান। অভিযোগে পাঁচজনের নাম উল্লেখ করে আরও ২৫/৩০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।


