নিজস্ব প্রতিবেদক : তারেক রহমান বলেন- বিগত ১৫ বছরের ভোট ডাকাত দলের মতো এখন একটি দল জনগনকে বিভ্রান্ত করেছে। তারাও ভোট চুরির নানা প্রক্রিয়া শুরু করেছে। সেই দলের নেতারা দেশের জনগনকে বেহেশত যাওয়ার টিকেট দেয়ার আশ্বাস দিচ্ছেন।
ওই দলটি মুক্তিযুদ্ধেও দেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিলো। তারা বলছে অমুককে দেখেছেন, তমুককে দেখেছেন, এবার আমাদের দেখেন। আরে ভাই, আপনাদের তো মানুষ সেই একাত্তরের সময়ই দেখে ফেলেছে, কী ছিলো আপনাদের ভূমিকা। তিনি বলেন,গত ১৬ বছর নির্বাচনের নামে দেশে তামাশা হয়েছে।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতাকে সুদৃঢ় ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিতে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের আইনপুর মাঠে জনসমাবেশে তারেক রহমান দেশবাসীর উদ্দেশে এই আহবান জানান।
তিনি বলেন, যে দল পালিয়ে গেছে, তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলো, কথা বললে তারা গায়েব করে দিতো। তারা মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, মানুষের অর্থ-সম্পদ, টাকা সব নিয়ে গেছে।
তিনি বলেন, ক্ষমতার মালিক জনগণ। আমরা দেশের মালিককে তাদের ক্ষমতা ফিরিয়ে দিতে চাই। ‘টেক ব্যাক বাংলাদেশে’র অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে, আরও কাজ বাকি। তারেক রহমান বলেন, ১২ তারিখের নির্বাচনে ধানের শীষকে নির্বাচিত করলে আমরা আমাদের মা, বোনদের ফ্যামিলি কার্ড উপহার দিতে চাই। এই এলাকার চা বাগানের শ্রমিকদের, নারীদের ফ্যামিলি কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা বা নগদ অর্থ উপহার দিতে চাই।
তিনি বলেন, আমরা কৃষক ভাইদের পাশেও দাঁড়াতে চাই। যাতে করে তারা সার, বীজ ও ঋণ পাবে। এসব পরিকল্পনার বাস্তবায়ন সম্ভব কেবল ধানের শীষে ভোটের মাধ্যমে।
মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক মোঃ ফয়জুল করিস ময়ূন এর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌজ, সহ সাংগঠনিক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, যুবদলের সভাপতি মোঃ জাকির হোসেন উজ্বল প্রমুখ।
এর আগে মৌলভীবাজারের ৪টি আসনের বিএনপির প্রার্থীদের পরিচয় করে দেন তারেক রহমান।



