নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকায় কয়েক মিনিটের ব্যবধানে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক নারী পথচারী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর শান্তিনগর, মৌচাক ও মগবাজার এলাকায় পরপর এসব বিস্ফোরণ ঘটে।
ডিএমপির ট্রাফিক বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, মৌচাক ফ্লাইওভার থেকে ছুড়ে মারা ককটেলের বিস্ফোরণে এক নারী পথচারী আহত হন।
তিনি বলেন, সোয়া ৪টা থেকে কয়েক মিনিটের মধ্যে শান্তিনগর, মৌচাক ও মগবাজার এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্লাইওভারের ওপর দিয়ে চলন্ত কোনো যানবাহন থেকে ককটেলগুলো নিচে ছুড়ে মারা হয়েছে। এতে মৌচাক এলাকায় বিস্ফোরণের শিকার ওই নারী আহত হন।
ওই কর্মকর্তা জানান, ঘটনাস্থলে থাকা ট্রাফিক বিভাগের সদস্যরা দ্রুত আহত নারীকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।


