কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপি নেতা অ্যাডভোকেট আবেদ রাজাকে দলীয় মনোনয়ন দেয়ার দাবিতে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টা থেকে অনশন কর্মসূচি পালন করেছেন তার সমর্থকরা।
বৃহস্পতিবার কুলাউড়া ডাকবাংলো মাঠে ‘প্রার্থী পুনর্বিবেচনা পরিষদ কুলাউড়া’র উদ্যোগে এ অনশন কর্মসূচি পালিত হয়। সন্ধ্যা ৭টার দিকে অনশনস্থলে এসে পানি পান করিয়ে অনশনকারীদের অনশন ভাঙান অ্যাডভোকেট আবেদ রাজা।
অনশন কর্মসূচিতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ, অ্যাডভোকেট এএনএম খালেদ লাকি, বিএনপি নেতা বদরুল হোসেন, শেখ শহীদুল ইসলাম, অলিউর রহমান চৌধুরী শিবলু, কামরুল ইসলাম পাখি, শ্রমিক দল নেতা সিরাজ উদ্দিন বুলু, কাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন।
অনশনে অংশ নেওয়া কামাল উদ্দিন আহমদ জুনেদ, বদরুল হোসেন খান বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের ১৬ বছর রাজপথের আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আবেদ রাজা। আন্দোলন করতে গিয়ে তিনি বহুবার কারাবরণ করেন। অথচ বর্তমান যাকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে, তিনি সেই সময় লন্ডনে ভোগবিলাসে সময় কাটিয়েছেন।
তারা দলীয় মনোনয়ন পুনর্বিবেচনা করে দলের দুঃসময়ের নেতা ও যোগ্য দাবিদার অ্যাডভোকেট আবেদ রাজাকে বিএনপি’র কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড চূড়ান্ত মনোনয়ন দেয়ার দাবি জানান।


