নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত হত্যাযজ্ঞের অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠাতে এখনো ভারতকে চিঠি দেয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে এখনো চিঠি পাঠানো হয়নি, তবে চিঠি প্রস্তুত হচ্ছে। আজকেই পাঠানো হতে পারে। তবে চিঠির সঙ্গে রায়ের কোনো কপি পাঠাবে না পররাষ্ট্র মন্ত্রণালয়।
তিনি বলেন, শুধুমাত্র একটি নোট ভার্বালে রায়ের বিষয়টি জানিয়ে শেখ হাসিনাকে হস্তান্তর করতে বলা হবে।
এরআগে, সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি এবং রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রায় ঘোষণা হয়। রায়ে তিনটি অভিযোগের বিপরীতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। আসাদুজ্জামান খান কামালেরও ফাঁসির আদেশ দেয়া হয়। তবে বিচারিক প্রক্রিয়ায় সহায়তা এবং সত্য উন্মোচনে এগিয়ে আসায় রাজসাক্ষী সাবেক আইজিপিকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।


