কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপি মনোনয়ন পুনর্বিবেচনা করে ত্যাগী ও আদর্শবান নেতা অ্যাডভোকেট আবেদ রাজাকে ধানের শীষের প্রার্থী ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।
সোমবার (১২ নভেম্বর) দুপুরে কুলাউড়া উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংসদীয় আসনের পুনর্বিবেচনা পরিষদ। এতে বক্তব্য রাখেন পরিষদের আহবায়ক- উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র কামাল উদ্দিন আহমেদ জুনেদ।
তিনি বলেন, অ্যাডভোকেট আবেদ রাজা কারানির্যাতিত, হামলা-মামলার শিকার, ত্যাগী ও আদর্শবাদী নেতা। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছর ধরে লড়াই করে বারবার তিনি কারাবরণ করেছেন। এই সাহসী যোদ্ধা কুলাউড়ার সাধারণ মানুষের মন জয় করেছেন। কুলাউড়ায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে আবেদ রাজার কোন বিকল্প নেই।
তিনি বলেন, ষড়যন্ত্রমূলকভাবে প্রাথমিক তালিকায় তার নাম না থাকায় কুলাউড়াবাসী হতাশ হয়েছে। যেকোনো নিরপেক্ষ জনমত জরিপে দেখা যাবে- এই আসনে জনগণের পছন্দের প্রার্থী বিএনপি নেতা আবেদ রাজা। কোন অদৃশ্য শক্তির কারণে অ্যাডভোকেট আবেদ রাজাকে ধানের শীষের প্রার্থী করা হয়নি। ফলে এই আসনে বিএনপি’র বিজয় অনিশ্চিত হয়ে পড়েছে।
পুনর্বিবেচনা পরিষদের সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা অ্যাডভোকেট এ. এন. এম. খালেদ লাকি, আশরাফ আলী চৌধুরী, শেখ শহিদুল ইসলাম, তাজ খান, ফেরদৌস খান, কামরুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি সিরাজ উদ্দিন বুলু ও বিএনপি নেতৃবৃন্দ।


