কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
প্রধান অতিথি বলেন, মাসব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশরা তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত হয়েছে। প্রশিক্ষণের ফলাফল বাস্তবায়ন করা হলে প্রতিটি ইউনিয়ন পরিষদের সেবা ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। ফলে গ্রামীণ জনগণের নিরাপত্তা ও উন্নত সেবা নিশ্চিতে সহায়ক হবে।
তিনি বলেন, গ্রামেগঞ্জে মাদকের অপব্যবহার রোধে সচেতনতা বৃদ্ধি করতে হবে। কারণ সকল অপরাধের পিছনে রয়েছে মাদক। এক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের শক্ত ভূমিকা রাখতে হবে এবং মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে হবে।
এছাড়া পরিবেশ রক্ষায় গুরুত্ব দিতে হবে আমাদের পরবর্তী প্রজন্মের স্বার্থে যারা মাটি ও টিলা কেটে পরিবেশ দূষণ করছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এসকল ক্ষেত্রে ইউনিয়ন চেয়ারম্যানদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফয়সল আহমদ নিয়াজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নসিমা বেগম, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির।
ইউএনও মহিউদ্দিন বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যরা আরও দক্ষ হয়ে উঠবেন। যার সুফল গ্রামের জনগণ পাবে। প্রশিক্ষণে উপজেলার ১৩টি ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ অংশ নেন। শেষে প্রধান অতিথি শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।


