কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া উপজেলায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৩ দফা দাবি আদায় ও আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে রোববার (১৯ অক্টোবর) দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করে।
কুলাউড়া শহরের স্টেশন চৌমুহনীতে কুলাউড়ার বিভিন্ন উচ্চ বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা নিজেদের প্রতিষ্ঠানের ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ গ্রহন করেন। তাঁদের দাবিগুলো হচ্ছে মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা প্রদান, চিকিৎসা ভাতা ১৫০০ টাকা ও উৎসব ভাতা ৭৫ শতাংশে বৃদ্ধি করা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মহতোছিন আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুক, লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আতাউর রহমান, এম এ গণি আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ এন এম আলম, শ্রীপুর জালালীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. শামছুল হক, রবিরবাজার দারুছুন্নাহ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার, বরমচাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসি আক্তার, ছকাপন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক বেলাল আহমদ চৌধুরী ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন।
বক্তারা বলেন, শিক্ষক বাঁচলে দেশ বাঁচবে, শিক্ষক থাকলে প্রতিষ্ঠানও থাকবে। জাতি গড়ার কারিগরদের অবহেলা করলে শিক্ষাব্যবস্থা ধ্বংসের মুখে পড়বে। শিক্ষকরা শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে ৫ শতাংশ বাড়িভাতা বৃদ্ধির বিষয়টি প্রত্যাখ্যান করেন এবং তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।


