নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের কুলাউড়ার ব্রাহ্মণবাজারের হিংগাজিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রনবাবু সিংহ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে স্কুলে যাওয়ার পথে হিংগাজিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে শমসেরনগর থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে তার মুখ ও বুকে গুরুতর আঘাত লাগে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান জানিয়েছেন, রনবাবু সিংহের অবস্থা খুবই আশঙ্কাজনক।
প্রিয় শিক্ষকের দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লেই শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে। তারা স্কুলের সামনে সড়ক অবরোধ করে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা দোষী বাসচালকের দ্রুত গ্রেফতার,শাস্তি ও আহত শিক্ষকের উন্নত চিকিৎসার দাবিতে স্লোগান দিতে থাকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের শান্ত করে অবরোধ তুলে নিতে অনুরোধ জানায়। প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
স্থানীয়রা জানান,রনবাবু সিংহ অত্যন্ত বিনয়ী ও দক্ষ শিক্ষক হিসেবে এলাকায় অত্যন্ত সুনাম অর্জন করেছেন। তাঁর দুর্ঘটনায় এলাকায় গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ও শিক্ষার্থীরা দোষী চালকের দৃষ্টান্তমূলক শাস্তি ও আহত শিক্ষকের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান।


